বেনাপোল-পেট্রাপোল বন্দর পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

বেনাপোল-পেট্রাপোল বন্দর ও চেকপোস্ট এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম ও পাসপোর্ট যাত্রী যাতায়াতে সুবিধা-অসুবিধা দেখতে বৃহস্পতিবার বিকেলে তিনি বেনাপোল কাস্টম হাউজ, বন্দরের বিভিন্ন শেড, চেকপোস্ট ইমিগ্রেশন ও বেনাপোল-পেট্রাপোল নোম্যানসল্যান্ড এলাকা পরিদর্শনে আসেন।

হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বেনাপোল চেকপোস্টে পৌঁছালে সেখানে তাকে কাস্টমস, বন্দর, প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়িক নেতারা অভ্যর্থনা জানান।

হাইকমিশনারের সফরসঙ্গী ছিলেন সহকারী হাইকমিশনার রায়না রাজেস কুমার এপি ডবিস্নউ ঢাকা এবং অমিত কুমার খুলনা বিভাগীয় সহকারী হাইকমিশনার।

হাইকমিশনার বেনাপোল পৌঁছালে তার সঙ্গে যুক্ত হন বেনাপোল কাস্টমসের কমিশনার আজিজুর রহমান, সহকারী কমিশনার নেয়ামুল ইসলাম, বন্দরের সহকারী পরিচালক আব্দুল জলিল, উপসহকারী পরিচালক মামুন কবির তরফদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল, সার্কেল এসপি জুয়েল ইমরান, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট, এক্সপোর্টের সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ও ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব প্রমুখ।

এ সময় হাইকমিশনার ভারত-বাংলাদেশ গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।