চোট কাটিয়ে ওঠা মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে পেতে একরকম টানাটানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার দেশের ক্রিকেটে অন্যতম বড় টপিক ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী। দিনের শুরুতেই খবর মেলে জেমকন খুলনা তাকে পেতে আগ্রহী। এরপর ফরচুন বরিশালের পক্ষ থেকে দাবি করা হয় দুদিন আগেই তারা মাশরাফীকে পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর আবেদন করেছে।
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মাশরাফী মঙ্গলবার মিরপুরে প্রথম অনুশীলন করেন। চোটের কারণেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফটে ছিলেন না তিনি। তবে বিসিবি থেকে আগেই বলা হয়েছিল, মাশরাফী ফিট হয়ে উঠলে যে কোনো দল চাইলে তাকে নিতে পারবে। আর একাধিক নিতে চাইলে সে ক্ষেত্রে লটারি পদ্ধতিতে যেতে হবে।
এদিন এক ভিডিও বার্তায় ফরচুন বরিশাল দলের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আমরা শুরু থেকে জানতাম যে মাশরাফী ফিট ছিল না এবং ড্রাফটের দিন তারা বলেছিল যে মাশরাফী ফিট হলে ৫টি দলই চাইলে তাকে নেওয়া যাবে। আমরা এখন জানতে পেরেছি মাশরাফী ফিট হয়েছেন এবং গত পরশু আমরা আবেদন করেছি তাকে দলে চেয়ে। আশা করি, আমরা তাকে পাব।’
তিনি আরো বলেন, ‘এর মধ্যে খুলনাও তাকে পেতে আবেদন করেছে। নিয়ম অনুযায়ী, এখন লটারিতে যেতে হবে বা অন্য কিছু হবে। তবে আমরা আশাবাদী যে আমরা মাশরাফীকে পাব। আরেকটা বিষয় না বললেই নয়, আমরাই প্রথম দল যারা মাশরাফীর জন্য অনুরোধ করেছি। খুলনা আজকে পাঠিয়েছে।’
এর আগে খুলনার ম্যানেজার ও জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল সংবাদ মাধ্যমকে বলেন, ‘মাশরাফী যখন অনুশীলন করছে, তখন আমরা নিজেদের থেকেই অ্যাপ্রোচটা নিয়েছি। আমরা মাশরাফীর প্রতি আগ্রহী।’
আরো পড়ুন: