জেমকন খুলনায় যাচ্ছেন মাশরাফী?

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০৫:২৫ পিএম

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে মাশরাফী বিন মোর্ত্তজা জেমকন খুলনার হয়ে খেলতে পারেন। তাকে নিতে দলটি আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে আবেদন করেছে।

খুলনার ম্যানেজার নাফিস ইকবাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘মাশরাফীকে পেতে আমাদের টিম ম্যানেজমেন্ট বিসিবিকে মেইল করেছে। বোর্ডের মাধ্যমে আমরা জানতে পারব কবে সে অ্যাভেইলেবল হবে।’

খুলনা ছাড়াও আরও দুটি ফ্র্যাঞ্চাইজি মাশরাফীকে পেতে আগ্রহী বলে খবর। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন টুর্নামেন্ট শুরুর আগেই জানান, একাধিক দল মাশরাফীকে চাইলে হবে লটারি।

হ্যামস্ট্রিং চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী। মঙ্গলবার মিরপুরের একাডেমি মাঠে হালকা ফিটনেস সেশনের পর হাতে তুলে নেন বল। ছোট রান আপে নিজেকে ঝালিয়ে নেন টাইগার পেসার।

গত আট মাসে তাকে দেখা যায়নি মিরপুরে অনুশীল করতে। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শুরুর আগে সিটি ক্লাব মাঠে রানিং করতে গিয়ে চোট পান। ফিরে আসে হ্যামস্ট্রিংয়ের পুরোনো ব্যথা।

চোট কাটিয়ে ১০ কেজি ওজন কমিয়ে সম্প্রতি বোলিংয়ে ফিরেছেন মাশরাফী।

সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদদের নিয়ে দল গড়েও প্রথম চার ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে খুলনা। মাশরাফীকে নিয়ে তারা ভাগ্য ফেরাতে চায়।

মাশরাফী সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ১৬ মার্চ, ঢাকা প্রিমিয়ার লিগে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলাঘরের বিপক্ষে ৭ ওভার বল করেন। ৩৪ রান খরচায় সেদিন কোনো উইকেট পাননি। মেডেন ওভার ছিল একটি। ব্যাট হাতে করেছিলেন ১ রান।

তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। ৬ মার্চ সিলেটে অনুষ্ঠিত সেই ম্যাচে ওয়ানডে অধিনায়কত্ব থেকে অবসরে যান মাশরাফী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত