ঈশ্বরদীর দাশুড়িয়ায় অবস্থিত পাবনা সুগার মিলস বন্ধ ঘোষণার প্রতিবাদে ঈশ্বরদী-পাবনা সড়ক অবরোধ ও মিল গেটের সামনে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে মিলের শত শত শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা।
গতকাল বৃহস্পতিবার সকালে শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা সুগার মিলের সামনে এসব কর্মসূচি পালন করেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সড়ক অবরোধকারীরা রাস্তায় শুয়ে ও বসে মিল বন্ধের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
পরে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালনের আহ্বান জানালে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে এসে মিল গেটের সামনে বিক্ষোভ শুরু করেন।
পাবনা সুগার মিলস ওয়াকার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল জানান, আখচাষি ফেডারেশনসহ ছয়টি চিনিকলের নেতাদের ঢাকায় সমবেত হওয়ার কথা। সেখান থেকেই বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।