মাস্কহীন দর্শকের সামনে দারুণ শুরু কিউইদের

বিশ্বে প্রথম দেশ হিসেবে নিজেদের করোনাভাইরাস মুক্ত ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। এই ভাইরাস থেকে নিজেদের নিরাপদ রাখার কাজটা ভালো ভাবেই করেছে দেশটি। তাই করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর প্রথমবারের মতো মাস্কহীন দর্শকে ভরে উঠল ক্রিকেট গ্যালারি। স্বতঃস্ফূর্ত দর্শকদের পাশে নিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড দারুণ শুরু করেছে উইন্ডিজের বিপক্ষে। হ্যামিলটন টেস্টের প্রথম দিনেই শক্ত ভিত গড়ে নিয়েছে তারা। দিনে খেলা হওয়া ৭৮ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২৪৩ রান দলটির। অধিনায়ক কেন উইলিয়ামসন আরেকটি টেস্ট শতক থেকে তিন রান দূরে।

সেডন পার্ক নিউজিল্যান্ডের পয়া মাঠ। এ মাঠে ২০১২ সাল থেকে অজেয় তারা। আর মাঠটি দলের মতো কেন উইলিয়ামসনকেও দেয় দু’হাত ভরে। ৯৭ রানে অপরাজিত থাকা উইলিয়ামসন মাত্র ১৩ রানে এই মাঠে হাজার রান পূর্ণ করেছেন। রস টেইলরের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন। এ মাঠে টানা দ্বিতীয় সেঞ্চুরি করতে যাচ্ছেন উইলিয়ামসন। বৃষ্টির জন্য প্রথম সেশন ভেস্তে না গেলে প্রথম দিনই সেঞ্চুরিটা পেয়ে যেতেন কিউই অধিনায়ক। দিনের শুরুতে মাত্র ১৪ রানে ১ উইকেট হারানো অবস্থায় ক্রিজে আসেন কিউই অধিনায়ক। ৮৬ রান করা টম ল্যাথামকে নিয়ে ১৫৪ রানের জুটি গড়েন। এরপর ৩১ রান করা টেইলরকে নিয়ে যোগ করেছেন আরও ৭৫ রান।

সংক্ষিপ্ত স্কোর : (প্রথম দিন শেষে)

২৪৩/২ (৭৮ ওভার) (ল্যাথাম ৮৬, ইয়ং ৫, উইলিয়ামসন ৯৭*, টেইলর ৩১*; রোচ ১/৫৩, গ্যাব্রিয়েল ১/৬২)।