ডান হাতি ব্যাটসম্যান, বোলার বল ছোড়ার পর হঠাৎ ঘুরে বাম হাতি রূপ নেন। আর পয়েন্ট অঞ্চলের পেছনে ফাঁকা মাঠের সুবিধা নিয়ে বল তুলে মারেন। তাতে ছক্কা-চার তো হয় হামেশাই। এর আগে জন্টি রোডস, কেভিন পিটারসন এমন শট খেলে প্রশংসা কুড়িয়েছেন। গত কয়েক দিনে একই শটের অভিজ্ঞ হয়ে উঠেছেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু অজিকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। ক্রিকেট প-িতদের অনেকেই এমন সুবিধা নিয়ে শট না নেওয়ার পক্ষে। কিন্তু ম্যাক্সওয়েল বললেন, ‘এটা বোলারদের জন্য চ্যালেঞ্জ। তারা ব্যাটসম্যানদের এমন শট নেওয়া থেকে বিরত করুক।’
২০০৮ সালে মেরিলিবোন ক্রিকেট ক্লাব এই শটকে বৈধতা দেয়। এরপর থেকে এই শট নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না। তবুও ভারতের বিপক্ষে ম্যাক্সওয়েলের অমন উদ্ভাবনী শটকে ক্রিকেট প-িতরা অবৈধ সুবিধা হিসেবে দেখছেন। এর জবাবে ম্যাক্সওয়েল বলেন, ‘এটা খেলার নিয়মের মধ্যেই আছে। আমি বলব বোলারদের উচিত এর সঙ্গে লড়াই করা। আমরা ব্যাটসম্যানরা যখন এই শট নিতে যাব তখন তারা আমাদের থামাক। আমরা ব্যাটসম্যানরা পরিবর্তন নিয়ে ভাবছি, বোলারদেরও এমন ভাবা উচিত।’