মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা মার্চে নেওয়ার পরিকল্পনা

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিলম্বিত মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা মার্চ মাসে নেওয়ার পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। বিভাগটির কর্মকর্তারা বলছেন, সব ঠিক থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যে বিষয়টি চূড়ান্ত করে তারা হয়ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবেন।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর গত বুধবার গণমাধ্যমকে বলেছেন, ‘ভর্তি পরীক্ষা নেবএ ধরনের একটি সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা মার্চের শুরুর দিকে হতে পারে। কীভাবে ভর্তি পরীক্ষা নেওয়া যায় সে বিষয়ে আমরা কাজ করছি। করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি মাথায় রেখে আমরা পরিকল্পনা সাজাচ্ছি।’

এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন বলেন, এইচএসসির মূল্যায়ন ফল হাতে পেলে তারা মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে তার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

তিনি বলেন, ‘আমরা ফলাফলের অপেক্ষা করছি। হয়তো তাড়াতাড়িই রেজাল্ট দিয়ে দেবে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ ব্যাপারে অফিসিয়ালি সিদ্ধান্ত হয়ে যাবে।’

এদিকে মহামারীর মধ্যে এ বছর আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা না নিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীর মূল্যায়ন করা হবে জেএসসি-জেডিসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। এই ফল প্রকাশ করা হলেই ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর আগে স্নাতক পর্যায়ে ভর্তি শুরুর জন্য ডিসেম্বরের মধ্যেই এইচএসসির ফল প্রকাশ করা হবে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি এর আগে জানিয়েছিলেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী,  এ বছর দেশের ৩৬টি সরকারি ও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে ১০ হাজার ৬৯০ শিক্ষার্থী এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন।