নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিজ বাড়িতে ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় জাহেরা খাতুন (৫০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় থানা-পুলিশ।
মৃত জাহেরা খাতুন উপজেলার পৌর শহরের ২নং ওয়ার্ডের চকলেংগুরা গ্রামের মো. আ. কাদিরের স্ত্রী।
মৃতের স্বামী কৃষি শ্রমিকের করে থাকেন। এই দম্পতির ঘরে চার ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আ. কাদির স্থানীয় একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিলে যান। সেখান থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বাড়িতে ফেরেন। ঘরের দরজা খুলে দেখতে পান তার স্ত্রী জাহেরা খাতুন নিজ ঘরের ধরনার সঙ্গে ঝুলে আছে।
তার ডাক-চিৎকারে পরিবারের লোকজন এসে বিষয়টি পুলিশকে অবগত করে। পরে সকালের দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।