যশোর শহরতলীর খোলাডাঙ্গায় শুক্রবার বেলা ১১টার দিকে অবৈধ একটি ক্রসিংয়ে ট্রেনের ধক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহমান (৪৫) একজন টাইলস ব্যবসায়ী। যশোর শহরের ভোলাট্যালংক রোডে তার এসএ ট্রেডার্স নামে দোকান রয়েছে।
রেল পুলিশের উপপরিদর্শক তারিকুল ইসলাম জানান, সদর উপজেলার মণ্ডলগাতি গ্রামের বাড়ি থেকে ব্যবসায়ী আব্দুর রহমান যশোর শহরে আসছিলেন। পথিমধ্যে খোলাডাঙ্গার ধোপাখোলা নামক স্থানে অবৈধ ক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে কুড়িগ্রামের চিলিহাটিগামী রকেট ট্রেনের সাথে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক সৌরভ হোসেন জানান, বেলা ১১টা ২০ মিনিটে ট্রেনের ধাক্কায় আহত আব্দুর রহমানকে হাসপাতালে আনা হয়। তার হেলমেট পরিহিত মাথার তিন স্থানে ট্রেনের ধাক্কায় গভীর ক্ষত ছিল, এ ছাড়া হাত-পাসহ শরীরের অন্যান্য স্থানের আঘাতও ছিল গুরুতর। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টাা ৫০ মিনিটে তিনি মারা যান। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।