চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের দুই মাস পর তরুণের গলিত, সিরাজগঞ্জে খড়ের গাদা থেকে কিশোরের, নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলছাত্রের, নেত্রকোনার দুর্গাপুরে নারীর এবং সদরে শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
চুয়াডাঙ্গা : নিখোঁজের দুই মাস পর চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আলমগীর বিশ্বাস (২৮) নামে এক তরুণের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার খাদিমপুর গ্রামের কচুরিপানায় ভরা একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আলমগীর খাদিমপুর গ্রামের কাতব আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১০ অক্টোবর রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আলমগীর। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর শুক্রবার গ্রামের লোকজন পুকুরের কচুরিপানার মধ্যে মরদেহ দেখতে পায়।
আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর বিশ্বাসের অভিযোগ, ১০ অক্টোবর তার বন্ধু শিপনের ডাকে বাড়ি থেকে বের হন আলমগীর। পরিবারের ধারণা, আলমগীরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সিরাজগঞ্জ : সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের নতুন ফুলবাড়ী পূর্বপাড়ায় খড়ের গাদা থেকে শরিফুল ইসলামের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর ধারণা, শরিফুলকে শ্বাসরোধে হত্যা করে লাশ লুকিয়ে রাখে দুর্বৃত্তরা। পুলিশ গতকাল শুক্রবার সকালে লাশ উদ্ধার করে। শরিফুল ওই ইউনিয়নের তেলকুপি গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি ওয়াসিম শেখের ছেলে।
পরিবার জানায়, শরিফুল বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে এলাকাবাসী খড়ের গাদার নিচে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নোয়াখালী : কোম্পানীগঞ্জে গতকাল শুক্রবার নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জাবেদ (১৫)। উপজেলার চরহাজারীর হোসেন সিম্যানের ছেলে সে। জাবেদ স্থানীয় হাজারীহাট হাই স্কুলের ছাত্র ছিল।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তার বিষপানের কারণ জানা যায়নি।
নেত্রকোনা : নিখোঁজের পরদিন পুকুর থেকে আড়াই বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার বাংলা ইউনিয়নের ময়মনসিংহ রুই গ্রামের নিজ বাড়ির পাশে পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। শিশু নিলয় একই গ্রামের সুধীর সরকারের ছেলে। শিশুটির মা ঢাকায় চাকরি করায় গ্রামে বাবার কাছে থাকত।
অপরদিকে, নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গতকাল শুক্রবার সকালে নিজ গৃহে ধরনার সঙ্গে ঝুলন্ত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে জাহেরা খাতুনের (৫০) লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। জাহেরা উপজেলার পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের চকলেংগুরা গ্রামের আবদুল কাদিরের স্ত্রী। তার স্বামী মৌসুম অনুযায়ী ইটখোলা ও কৃষিকাজ করে থাকেন এবং এই দম্পতির চার ছেলে ও এক মেয়ে রয়েছে।