ডিয়েগো, তোমার সঙ্গে তুলনায় না গেলেই ভালো করতাম

ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন গত ২৫ নভেম্বর। তার মৃত্যুর সাত দিন পার হলেও বন্ধু পেলে মনে করেছেন ম্যারাডোনাকে। ম্যারাডোনাকে নিয়ে লিখেছেন আবেগঘন লেখা। কে সেরা পেলে না ম্যারাডোনা, বিশ্ব এই যুক্তিতে বিভক্ত হলেও তারা ছিলেন পরম বন্ধু। তাই তো পেলে নিজেই বলছেন ‘ডিয়েগো, তোমার সঙ্গে তুলনায় না গেলেই ভালো করতাম।’

ব্রাজিলে ক্যাথলিক ধর্মবিশ্বাস অনুযায়ী ম্যারাডোনাকে মৃত্যুর সাত দিন পর শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। লেখেন, ‘তুমি চলে গেছো সাত দিন হয়ে গেল। বিশ্বের প্রায় সাবাই আজীবন আমাদের মধ্যে তুলনা করেছে। কিন্তু সত্যি বলতে ডিয়েগো তোমার মতো প্রতিভার কারও সঙ্গে তুলনা হয় না। তুমি ছিলে একজন জিনিয়াস, যার প্রতিভায় সারা বিশ্ব মন্ত্রমুগ্ধ হয়েছে। তুমি ছিলে সেই জাদুকর যার পায়ে বল থাকা মানে আশা থাকত অবিশ্বাস্য কিছুর সাক্ষী থাকব। সংক্ষেপে বললে তুমি ছিলে আদর্শ এক কিংবদন্তি। সারা বিশ্বের কাছে তুমি ছিলে ফুটবলের রাজপুত্র। আমার কাছে তুমি ছিলে সেই বন্ধু, যার সঙ্গে নির্দ্বিধায় ফুটবল নিয়ে আড্ডা দিতে পারতাম। কী করে ভুলব তোমায়? এখনো বিশ্বাস হচ্ছে না আর সেই আড্ডাগুলো দিতে পারব না। তোমার সঙ্গে অনেক কিছু নিয়ে কথা বলার ছিল। ভেবেছিলাম আরও অনেক ডিনার একসঙ্গে করব। তুমি এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে ভাবতে পারিনি। চোখের সামনে কত মুহূর্ত যে ভেসে উঠছে বলে বুঝাতে পারব না। ডিয়েগো, তোমার মতো মাটির মানুষ দেখিনি। তুমি ছিলে সততার প্রতীক। ফুটবল খেলাটাকে নিজের প্রাণের চেয়েও ভালোবাসতে। ফুটবল নিয়ে তোমার আবেগ ছিল দেখার মতো। তুমি তোমার মতো করে শিখিয়েছিলে আমাদের আরও বেশি ভালোবাসতে। আমি তোমাকে ভালোবাসি এ কথাটা বলতে। আজ আমি তোমাকে লিখতে চাই, আমি তোমাকে ভালোবাসি ডিয়েগো। আজ মনে হচ্ছে পৃথিবীটা আরও বেশি সুন্দর হতো যদি আমরা একে অপরের সঙ্গে তুলনা না করে প্রশংসা করতাম। ডিয়েগো, আজ বলতে চাই তুমি অতুলনীয়। তোমার মতো কাউকে দেখিনি। লাখ লাখ ফুটবলারকে অনুপ্রাণিত করার জন্য অনেক ধন্যবাদ ডিয়েগো। একদিন স্বর্গে তোমার সঙ্গে আবার দেখা হবে। কথা দিচ্ছি সেদিন একই দলে খেলব আমরা। গোল করি কিনবা নাই করি, সেদিন আমার মাঠের সেই ট্রেডমার্ক সেলিব্রেশনটা একবার হলেও করব। কারণ ডিয়েগো, তোমার সঙ্গে দেখা হওয়ার থেকে বেশি আনন্দের আর কী হতে পারে?’

(স্ট্যাটাস পেলের ফেইসবুক পেজ থেকে নেওয়া)