ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী

ভারত বায়োটেকের করোনাভাইরাস প্রতিরোধী টিকা কোভ্যাকসিনের ট্রায়াল ডোজ নিয়েছিলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। তারপরও কভিডের হাত থেকে নিস্তার পেলেন না।

করোনার টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরই শনিবার ৬৭ বছর বয়সী অনিলের চিকিৎসা শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানায়, এ দিন সকালে কভিড টেস্ট রিপোর্ট পজিটিভ জানার পরই মন্ত্রীকে দ্রুত আম্বালার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েক দিনে যারা কাছাকাছি এসেছেন, সবাইকে কভিড টেস্ট করিয়ে নিতে বলেন তিনি।

অনিল টুইটে বলেন, “আমার টেস্ট রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি। এই কয়েক দিনের মধ্যে যারা আমার কাছাকাছি এসেছেন, কভিড টেস্ট করিয়ে নিন।”

এ দিকে শনিবার পাওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন ৩৬ হাজার ৬৫২ রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫১২ জনের। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন সাড়ে ৯০ লাখের ওপর আক্রান্ত। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৭০০ জন।