যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক

হদিস নেই ৫ হাজার কোটি পাউন্ড নোটের

যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ইংল্যান্ড’ থেকে ৫ হাজার কোটি (৫০ বিলিয়ন) পাউন্ড নোট উধাও হয়ে গেছে। গত শুক্রবার দেশটির একদল আইনপ্রণেতা জানিয়েছেন, উধাও হওয়া অর্থের খোঁজে তদন্ত শুরু হয়েছে। তবে ব্যাংক নোট হারানোর বিষয়টি অস্বীকার করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সিএনএনের প্রতিবেদন বলছে, গত সেপ্টেম্বরে প্রথম যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক থেকে এই বিপুল অর্থ হারানোর বিষয়টি নজরে আনে দেশটির ন্যাশনাল অডিট অফিস। হিসাব থেকে হারিয়ে যাওয়া এই ৫ হাজার কোটি নোট দেশটির মোট ব্যাংক নোটের তিনভাগের এক ভাগ। ধারণা করা হচ্ছে, নোটগুলো পাচার হয়ে গেছে। বিপুল এই অর্থ এখন আর অর্থনীতির স্বাভাবিক হিসাবের খাতায় নেই।

আইনপ্রণেতারা বলছেন, এই ঘটনার তদন্ত গুরুত্ব দিয়ে করতে হবে ব্যাংকটিকে। কারণ, এই অর্থ অবৈধ উদ্দেশ্যেও ব্যবহার হতে পারে। এর দায় এড়াতে পারবে না সরকারের নীতি ও কোষাগার।

হাউজ অব কমনসের পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) প্রধান মেগ হিলার বলেন, এই অর্থ সরিয়ে রাখা হতে পারে। কিন্তু ব্যাংক অব ইংল্যান্ড এ ব্যাপারে কিছু জানে না। এমনকি কে বা কারা এটা করেছে বা কেন এই অর্থ স্থানান্তর হয়েছে, সে বিষয়েও কাউকে উদ্বিগ্ন হতে দেখা যাচ্ছে না। এই ৫ হাজার কোটি পাউন্ডের হিসাব পেতে আরও সক্রিয় হওয়া উচিত।

২০১৮ সালে প্রকাশিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসের একটি প্রতিবেদন জানায়, ডিজিটাল পেমেন্টের ব্যবহার প্রতিনিয়ত বৃদ্ধি সত্ত্বেও বেশিরভাগ উন্নত অর্থনীতির দেশে নগদ অর্থের চাহিদা বাড়ছে।