সড়কে প্রাণ গেল ৪ জনের

দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় এক সেনাবাহিনী সদস্যসহ চারজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ছাড়া বগুড়ার দুপচাঁচিয়ায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে এক সেনাবাহিনী সদস্য ও টাঙ্গাইলের নাগরপুরে ট্রলি-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে:

কুমিল্লা : চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চৌদ্দগ্রাম পূর্ব চাঁন্দিশকরা গ্রামের এয়াছিন আরাফাত পাটোয়ারী (২৮) ও শ্রীপুর গ্রামের ইমরান হোসেন রুবেল (২৮)। জানা গেছে, শুক্রবার রাতে মোটরসাইকেলে করে ভ্রমণের উদ্দেশে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন দুই বন্ধু এয়াছিন ও রুবেল। পথে চৌদ্দগ্রামের বসন্তপুর ব্রিজ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তাদের মৃত্যু হয়। স্থানীয় মিয়াবাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. আহসান হাবিব জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল থেকে ওই দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। 

বগুড়া : দুপচাঁচিয়ায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে মামুনুর রশীদ (৩৭) নামে এক সেনাবাহিনীর সদস্য হয়েছেন। গতকাল ভোরে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মামুনুর রশিদ নওগাঁর বদলগাছির আরজি পাঁচঘড়িয়া গ্রামের মোসলেম আলী ম-লের ছেলে। বগুড়া ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর কর্পোরাল পদে কর্মরত ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোরে মোটরসাইকেলে করে বগুড়া থেকে নওগাঁ যাচ্ছিলেন মামুনুর রশীদ। পথে দুপচাঁচিয়ার সিও বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে আসা মাইক্রোবাসের ধাক্কায় চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী জানান, এ ঘটনায় নিহতের ভাই থানায় একটি মামলা করেন।

টাঙ্গাইল : নাগরপুরে ট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক মো. সেন্টু মিয়া (৩৫) নিহত হয়েছেন। গতকাল সকালে টাঙ্গাইল-আরিচা মহসড়কের উপজেলা ফায়ার সাভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নাগরপুর থানার ওসি মো. আনিসুর রহমান আনিস জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নাগরপুর ফায়ার সার্ভিসের সামনে ইটবাহী ট্রলি ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ট্রলিটি নিয়ন্ত্রণ হারায়। এতে অটোরিকশাসহ ট্রলিটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে অটোরিকশা চালকসহ ছয়জন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চালক সেন্টু মিয়ার মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।