মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে অনুজ কান্তি দাশ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দুপুরে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, নিহত অনিতা রানীর বাবার অভিযোগ ও প্রাথমিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মামলার প্রধান আসামি অনুজ কান্তিকে গ্রেপ্তার করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
গ্রেপ্তারকৃত অনুজ কান্তি দাশ দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকার নরেশ চন্দ্র দাশের ছেলে।
শ্রীমঙ্গল থানা সূত্রে আরও জানা যায়, গত ২৮ নভেম্বর অনুজ কান্তি দাশের স্ত্রী অনিতা রানী দাশকে অসুস্থ অবস্থায় সিলেটের রাগিব রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়।
তার অবস্থার অবনতি হলে সেখানে ওই দিন আইসিইউতে রাখা হলে পরদিন ২৯ নভেম্বর তিনি মারা যান।
এ ঘটনায় গত ৪ ডিসেম্বর অনিতা রানীর পরিবার তাকে নির্যাতন করে হত্যার অভিযোগ করেন।
নিহতের বাবা দিলীপ দাশ (৬৫) বাদী হয়ে অনুজ কান্দি দাশকে প্রধান আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন।
মামলায় অনুজের মা পূরবী রানী দাস (৬৫) ও বাবা নরেশ চন্দ্র দাশকে (৭০) আসামি করা হয়।
এ মামলার জের ধরে পুলিশ গতকাল শনিবার সাড়ে ৩টার দিকে তার নিজ বাসা থেকে অনুজ কান্তি দাশকে গ্রেপ্তার করে।