গণপূর্তর সহকারী হিসাব রক্ষক ‘পেটালেন’ উচ্চমান সহকারীর স্ত্রীকে

সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের সহকারী হিসাব রক্ষক নজরুল ইসলাম ওই অফিসের উচ্চমান সহকারী আব্দুস সাত্তারের স্ত্রী শারমিন খানকে (৩৫) মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে ওই অফিসের সামনে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় শারমিন খান সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ওই অফিসের একাধিক কর্মচারী জানান, বেশ কিছুদিন ধরে বদলিজনিত কারণে এ অফিসের উচ্চমান সহকারী আব্দুস সাত্তারের সঙ্গে সহকারী হিসাব রক্ষক নজরুল ইসলামের বিরোধ চলছে। এর জের ধরে এ দিন সকালে উচ্চমান সহকারী আব্দুস সাত্তারের স্ত্রী শারমিন খান অফিসে আসেন এবং এ বিষয়ে সহকারী হিসাব রক্ষক নজরুল ইসলামের সঙ্গে কথা বলেন। উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নজরুল ইসলাম উত্তেজিত হয়ে ওই অফিসের সামনেই শারমিন খানকে বেধড়ক মারধর করেন। অফিসের লোকজন ছুটে গিয়ে আহত শারমিন খানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

পরে দুপুরে শারমিন খান বাদী হয়ে এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে গণপূর্ত অফিসের একাধিক ব্যক্তি জানান, সহকারী হিসাব রক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি বাণিজ্য, ঠিকাদারদের বিল আটকে রেখে উৎকোচ গ্রহণের অভিযোগ রয়েছে। এ ছাড়া রাজশাহী গণপূর্ত বিভাগ বরাবর তার বিরুদ্ধে কর্মচারীদের গণস্বাক্ষরকৃত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সহকারী হিসাব রক্ষক নজরুল ইসলাম বলেন, কোনো মারধরের ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।

এ বিষয়ে সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবিএম হুমায়ুন কবির বলেন, মারধরের বিষয়টি শুনেছি। এ বিষয়টি উভয় পক্ষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।