রেলওয়ের পূর্বাঞ্চলে নিয়োগ দুর্নীতির মামলা

সাবেক মহাব্যবস্থাপক মৃধাসহ দুজনের কারাদন্ড

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে নিয়োগে দুর্নীতির মামলায় সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং সাবেক কর্মকর্তা গোলাম কিবরীয়াকে তিন বছর কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক  মো. মিজানুর রহমান এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম  হোসাইন। তিনি জানান, রায় ঘোষণার সময় আদালতে আসামি গোলাম কিবরীয়া উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামি ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে  গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার রেকর্ড থেকে জানা যায়, ২০০৯ ও ২০১০ সালে রেলওয়ের পূর্বাঞ্চলে  ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৪০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৩৮ হাজার ৩১৭টি আবেদন জমা পড়ে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৪ হাজার ৩০২টি আবেদন গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ১৩৯ জন প্রার্থী। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করে পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের উত্তীর্ণ  দেখানো হয়েছিল। লিখিত পরীক্ষার খাতা ও  টেবুলেশন শিটে নম্বর কাটাকাটি, ঘষামাজা ও পরিবর্তনের মাধ্যমে কয়েকজন প্রার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়। এ ছাড়া বিধিবহির্ভূতভাবে আট নম্বর গ্রেস দিয়ে কিছু প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছিল।

দুদকের অনুসন্ধানে উঠে আসে, নিয়োগের ক্ষেত্রে  জেলা  কোটা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ৩২টি  জেলা থেকে ৭১ জন প্রার্থী কম নেওয়া হলেও ২০টি জেলা  থেকে ৭১ জন অতিরিক্ত প্রার্থী  নেওয়ার সুপারিশ করা হয়। এতিম ও প্রতিবন্ধী কোটায় ৩৬ জন নিয়োগের সুযোগ থাকলেও নিয়োগ  দেওয়া হয় মাত্র পাঁচজনকে। নিয়োগ কমিটির সদস্যসচিব  গোলাম কিবরিয়া, আহŸায়ক হাফিজুর রহমান চৌধুরী এবং তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা পরস্পর  যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এসব অনিয়মে জড়িত ছিলেন। এ ঘটনায় দন্ডবিধির ১৬৬, ১৬৭, ২১৭, ৪৭৭(ক) ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত