বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জেমকন খুলনা।
রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রাজশাহীকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা। টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪৫ রান করেছিল রাজশাহী। জবাবে ৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে খুলনা।
এই জয়ে ৬ খেলায় ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট খুলনার। ৫ খেলায় ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট চট্টগ্রামের। এক ম্যাচ কম খেলে খুলনার সাথে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম। রাজশাহী নেমে গেছে টেবিলের চতুর্থ স্থানে। ৬ ম্যাচে তাদের সংগ্রহ ৪।
১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দলকে শুভ সূচনা এনে দেন খুলনার দুই ওপেনার জহিরুল ইসলাম ও জাকির হাসান। ৫১ বলে ৫৬ রানের জুটি গড়েন তারা। এর মধ্যে ১৯ রান করেন জাকির। বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েও ৪৩ রানে থামেন জহিরুল। তার ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা।
জহিরুলের মত ভালো শুরু ছিলো তিন নম্বরে নামা ইমরুল কায়েসেরও। কিন্তু ২৭ রানে থেমে যান তিনি। ২০ বল খেলে ৩টি চার ও ১টি ছক্কা মারেন ইমরুল। দলীয় ৯৪ রানে ইমরুলের বিদায়ের পর ১০৯ রানের মধ্যে আরও ২ উইকেট হারায় খুলনা।
এর মধ্যে ছিলেন সাকিব ও শামিম হোসেন। সাকিব ৪ ও শামিম ৭ রান করেন। সাকিবকে শিকার করেন টুর্নামেন্টে প্রথমবারের মত মাঠে নামা সাইফউদ্দিন।
পঞ্চম উইকেট পতনের পর দলকে জয়ের বন্দরে নেয়ার দায়িত্বটা ভালোভাবে পালন করেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও আরিফুল হক। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৩৭ রান যোগ করে ৪ বল বাকি রেখে খুলনার জয় নিশ্চিত করেন তারা।
১৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৩১ রান করে ম্যাচ সেরা হন মাহমুদউল্লাহ। ১০ রানে অপরাজিত থাকেন আরিফুল। রাজশাহীর মুকিদুল ইসলাম ২টি উইকেট নেন।
এর আগে রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৫ রান করেন শান্ত। নুরুল হাসান সোহান ২১ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন। খুলনার পক্ষে শুভাগত হোম সর্বাধিক ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
মিনিস্টার রাজশাহী
১৪৫/৫ (২০ ওভার) (শান্ত ৫৫, সোহান ৩৭*, শুভাগত ২/২৫)
জেমকন খুলনা
১৪৬/৫ (১৯.২ ওভার) (জহিরুল ৪৩, মাহমুদুল্লাহ ৩১*, শুভাগত ২/২৫)
ফল: জেমকন খুলনা ৫ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: মাহমুদুল্লাহ রিয়াদ (জেমকন খুলনা)।