বিয়ন্সের কণ্ঠে নিজের গান শুনতে চান ডলি পার্টন

বিখ্যাত কান্ট্রি সিঙ্গার ডলি পার্টন জানালেন তার আইকনিক ট্র্যাক ‘জোলেইন’ শুনতে চান বিয়ন্সের গলায়।

যুক্তরাজ্যের ফিমেল ফার্স্ট ম্যাগাজিনের সঙ্গে সম্প্রতি আলাপচারিতায় যুক্ত হন ডলি। সেখানে এ কথা জানান।

তিনি বলেন, “আমার লেখা যে কোনো গানের চেয়ে বেশিবার রেকর্ডিং হয়েছে ‘জোলেইন’। সারা বিশ্বের চার শতাধিকবার, বিভিন্ন ভাষায় বিভিন্ন ব্যান্ড গানটি রেকর্ড করেছে। দুর্দান্ত করেছিল দ্য হোয়াইট স্ট্রিপ ও অনেকে। তবে কেউ আমারটির মতো হিট করতে পারেনি।”

সঙ্গে যোগ করেন, সব সময় আশা করেন বিয়ন্সের মতো কেউ একজন তেমন কিছু দেখাবে।

ডলির বিখ্যাত ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’ গানটি কাভার করেছিলেন কিংবদন্তি গায়িকা হুইটনি হিউস্টন। যাকে ‘গর্বিত মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন সাম্প্রতিক এ সাক্ষাৎকারে।

সঙ্গে জানান, ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’ নিয়ে দুবার নাম্বার ওয়ান হয়েছিলেন। প্রথমবার সত্তরের দশকে ‘দ্য বেস্ট লিটল হোরহাউস ইন টেক্সাস’ সিনেমার মাধ্যমে। পরের দশকেও গানটি আরেকবার শীর্ষে চলে আসে। এর পর হুইটনি নিজের কণ্ঠে তুলে নেন। যাকে ধরা হয় সর্বকালে সেরা প্রেমের গানের অন্যতম।

ডলির বর্তমান বয়স ৭৪ বছর। ছয় দশকের ক্যারিয়ার এখনো নানান রঙে বহমান।