ধূমপান করায় তরুণীর ওপর চড়াও স্থানীয়রা

রাজশাহীতে রাস্তার ধারে বসে ধূমপান করে বিপাকে পড়েছেন এক নারী। নগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকায় সার্কিট হাউস রোডের ডিভাইডারে বসে আড্ডা দেওয়ার সময় ধূমপান করছিলেন এই নারী। এটি দেখে স্থানীয় লোকজন গিয়ে তাদের বাধা দেন। স্থানীয়দের কটু কথায় বাধ্য হয়ে ওই নারী সেখান থেকে চলে যেতে বাধ্য হন।

রাজশাহী সার্কিট হাউস রোডের ধারে প্রতিদিনই তরুণ তরুণীরা বসে আড্ডা দেন। বন্ধু বান্ধবীর আড্ডায় মুখর হয় ওই এলাকা। রোববার বিকেলে সেখানে আড্ডা দিচ্ছিলেন দুজন ছেলে মেয়ে।  এ সময় ওই নারী প্রকাশ্যেই সিগারেট টানছিলেন। এটি দেখে কয়েকজন স্থানীয় লোক এগিয়ে এসে তাদের ওপর চড়াও হন এবং শুরু করেন উচ্চ বাচ্য। তারা ওই নারীর সিগারেট টানার প্রতিবাদ করেন।

এ সময় দুই পক্ষ বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। স্থানীয়দেরই কয়েকজন তার ধূমপানের দৃশ্য ভিডিও করেন। ভিডিওতে দেখা যায়, মেয়েটি বারবার বলছেন, আপনারা এভাবে কথা বলছেন কেন। চিৎকার করছেন কেন ?

জবাবে স্থানীয়রা বলেন, এমনিতেই প্রকাশ্য ধূমপান নিষেধ। আর মেয়ে মানুষ সিগারেট টানাতেই নাকি তাদের বেশি আপত্তি। এলাকার পরিবেশ ঠিক রাখতে এভাবে পাবলিক প্লেসে ধূমপান করতে দেওয়া হবে না বলে জানান তারা।

বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মেয়েটি সিগারেট নিভিয়ে ফেলেন। এরপরও স্থানীয়রা তাদের সেখান থেকে বারবার চলে যেতে বলে। বাধ্য হয়েই ওই নারী এলাকা ত্যাগ করে চলে যান।

উল্লেখ্য, সার্কিট হাউস রোডের ওই এলাকাটি ধূমপানমুক্ত এলাকা নয়, অহরহই লোকজন সেখানে ধূমপান করেন।