গাজীপুর মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকায় আলেমা টেক্সটাইল ইউনিট-২ নামক একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
সোমবার বিকেলে কারখানার চতুর্থ তলায় সুইং সেকশন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কারখানার শ্রমিক ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানাটিতে কয়েকশ শ্রমিক কাজ করছিলেন। বিকেল ৪টার দিকে কারখানার চতুর্থ তলায় সুইং সেকশনের এক কর্নারে ঝুটের মধ্য থেকে আগুনের ধোঁয়া দেখতে পান শ্রমিকরা। আগুন দেখে তারা দ্রুত কারখানার নিচে নেমে আসেন। আগুন দ্রুত ওই ফ্লোরের বিভিন্ন কাপড় ও মেশিনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন, গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া।