চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হিরুপাড়া যাদুপুর এলাকায় ট্রেন ও ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টরচালক নিহত হয়েছে।
নিহত ট্রাক্টরচালক নাসির (২৫) গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের উদয় নগর গ্রামের বকুল আলীর ছেলে।
আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলা ১১টার দিকে রহনপুর রেলওয়ে স্টেশনের কাছে হিরুপাড়া যাদুপুর এলাকার রেলক্রসিং দিয়ে নাসির তার ট্রাক্টর নিয়ে রেল লাইন পার হচ্ছিল।
এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা কমিউটার এক্সপ্রেস ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের ইঞ্জিনের অংশ ট্রেনের নিচে ঢুকে গেলে কাটা পড়ে নাসির ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়রা জানায়, হিরুপাড়া রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় ছিল।
দুর্ঘটনার রহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার ও রেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।