রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল বন্ধের পরিকল্পনার প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে গতকাল চুয়াডাঙ্গার দর্শনায় কেরু চিনিকল শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি, বিক্ষোভ-মানববন্ধন করেছেন। সকালে চিনিকল চত্বরে বাংলাদেশ চিনিশিল্প শ্রমিক-কর্মচারী ও আখচাষি ফেডারেশন ঘোষিত এ কর্মসূচি পালন করেন তারা।
এ ছাড়া পঞ্চগড় সুগার মিলে চলতি মৌসুম থেকে আখ মাড়াই বন্ধ ঘোষণার প্রতিবাদে টানা বিক্ষোভ মিছিল কর্মসূচি অব্যাহত রেখেছে শ্রমিক কর্মচারীরা।
চুয়াডাঙ্গায় সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, লাখ লাখ মানুষের রুটি-রুজির মাধ্যম চিনিকলগুলো এদেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ। চিনিকলগুলো এলাকার আর্থ-সামজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। সুতরাং চিনিকল বন্ধ করার অপতৎপরতা প্রতিহত করা হবে।
পঞ্চগড় সুগার মিলে চলতি মৌসুম থেকে আখ মাড়াই বন্ধ ঘোষণার প্রতিবাদে টানা বিক্ষোভ মিছিল কর্মসূচি অব্যাহত রেখেছেন শ্রমিক-কর্মচারীরা। গতকাল সকাল থেকেই মিলের প্রধান ফটকের সামনে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে সুগার মিল চত্বরে এসে শেষ হয়। সেখানে পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ চিনিশিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম। এ সময় তারা আগামী ৯ ডিসেম্বর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। দাবি মানা না হলে ১৫ ডিসেম্বর থেকে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন তারা।