বৈশ্বিক করোনা মহামারীতে বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেই নতুন এক অজানা রোগের কবলে পড়েছে ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দারা। অজানা এই রোগের সংবাদটি ভারতের স্থানীয়সহ আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
অন্ধ্রপ্রদেশে শিশু, নারীসহ ২২৮ জন ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে ৭৬ জনকে এরই মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্ধ্রের ইলুরু শহরে এই রহস্যময় রোগ হানা দিয়েছে। প্রায় কাছাকাছি ধরনের উপসর্গ নিয়ে শহরের বাসিন্দারা হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে খিঁচুনি, কাঁপুনি, মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা গেছে। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা।
আক্রান্তরা সবাই ইলুরু শহরেরই বাসিন্দা হলেও তারা একসঙ্গে কোনো অনুষ্ঠানে যোগও দেয়নি। আর তাই রোগের উৎস নিয়ে কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়েছেন চিকিৎসকরাও। অজানা এই রোগের খবর পাওয়ার পর ইলুরুতে পাঠানো হয় চিকিৎসকদের একটি দল। তারা উপসর্গ খতিয়ে দেখেন। রোগীদের রক্ত পরীক্ষাও করা হয়। তবে তাতে অস্বাভাবিক কিছু মেলেনি বলে জানিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকারের স্বাস্থ্য দপ্তর।
গত রবিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আলা নানি বলেন, আক্রান্তদের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তা নেগেটিভ এসেছে।