ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে বিএসএফের গুলিতে রবিউল ইসলাম ও নাজির উদ্দিন নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে বেতনা সীমান্তের ৩৬৭ পিলারের মানিকখারি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবিউল বালিয়াডাঙ্গী উপজেলার মশানডাঙ্গী গ্রামের আবদুল মজিদের ছেলে আর নজির উদ্দিন হরিপুর উপজেলার বকুয়া গ্রামের ধাকু মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সীমান্তের ৩৬৭ পিলারের মানিকখারি এলাকায় দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করলে ভারতের কোয়ালীগড় ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আওরঙ্গ জেব বলেন, ভোরে উপজেলার বেতনা সীমান্ত দিয়ে রবিউল ও নাজিরসহ কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
তিনি বলেন, এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে রবিউল মারা যান। আহত অবস্থায় সঙ্গীরা নাজির উদ্দিনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
এ ঘটনায় ঠাকুরগাঁও-৫০ বিজিবি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।