কুষ্টিয়ায় মহিলা জামায়াতের রুকনসহ ৫ নারী গ্রেপ্তার

কুষ্টিয়ায় গোপন বৈঠক থেকে সদর উপজেলা মহিলা জামায়াতের রুকন নিগার সুলতানাসহ (৪৫) পাঁচ নারীকে গ্রেপ্তার করেছে ইবি থানা-পুলিশ।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামের বাজার পাড়ার বাসিন্দা নজরুল ইসলামের বাড়িতে তার স্ত্রী নিগার সুলতানার নেতৃত্বে বৈঠক চলাকালে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করে স্থানীয় পুলিশ ক্যাম্প সূত্র।

গ্রেপ্তারের হলেন- সদর উপজেলার পশ্চিম আব্দালপুর বাজার পাড়া গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা জামায়াতের রুকন মৃত লুৎফর রহমানের স্ত্রী সেলিনা খাতুন (৫০), সদর উপজেলা মহিলা জামায়াতের রুকন নিগার সুলতানা (৪৫), গোলাম ফারুকের স্ত্রী শামীমা নাসরিন (৪৫), আলতাফ হোসেন মন্ডলের স্ত্রী রোকেয়া বেগম (৩৫) এবং রবিউল ইসলামের স্ত্রী সাহেদা বেগম (৫০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে মহিলা জামায়াতের গোপন বৈঠক চলছে এমন বিশ^স্ত সূত্রে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় গ্রেপ্তার মহিলা জামায়াতের নেতাকর্মীদের বৈঠকরত অবস্থায় আটক করা হয়।

পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা মাসিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের কৌশল নির্ধারণসহ অর্থ সংগ্রহ করছিল।

এ ঘটনায় নাশকতা সৃষ্টির চেষ্টা অভিযোগে পুলিশ বাদী  হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ইবি থানায় মামলা হয়েছে।

এখন এসব মহিলারা ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার আছে থানায়।তাদের আদালতে সোপর্দ করা হবে।