পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতরে একটি স্থাপনার নির্মাণাধীন কিছু অংশ ভেঙে ও হেলে পড়ে ১০ জন শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মামুন (৩০) নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রূপপুর প্রকল্পে কর্মরত এক কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রকল্পের ভেতরে 'নিকিমথ এটোমষ্ট্রয়' নামে ঠিকাদার প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে একটি ঢালাই স্থাপনার দেয়ালে লোহার রডের ফ্রেম তৈরির কাজ চলছিল। সকালে হঠাৎ ওই লোহার ফ্রেমের স্থাপনাটি হেলে পড়ে ও কিছু অংশ ভেঙে যায়। এ সময় কর্মরত কিছু শ্রমিক স্থাপনার নিচে চাপা পড়েন ও আঘাত লেগে আহত হন।
খবর পেয়ে প্রকল্পের অভ্যন্তরে থাকা উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রকল্পের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। গুরুতর আহত মামুনকে রাজশাহী পাঠানো হয়।
আব্দুল্লাহ বাপ্পি নামে নিকিমথ এটোমষ্ট্রয়ের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ সম্পর্কে কিছু জানাতে অস্বীকার করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মো. নাসীর উদ্দীন বলেন, রূপপুর প্রকল্প থেকে তাকে এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। তবে তিনি সাংবাদিকসহ বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছেন।
তবে রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ রুহুল কুদ্দুস টুটুল ১০ জন আহতের বিষয়টি নিশ্চিত করছেন।