বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচগুলো ঠিক টি-টোয়েন্টি সুলভ হচ্ছিল না বলে অনেকের মধ্যেই ছিল আক্ষেপ। তবে মঙ্গলবার দর্শকরা দেখল অন্য চিত্র। ফরচুন বরিশালের বিপক্ষে ২২০ রানের পুঁজি নিয়েও হার মানল মিনিস্টার গ্রুপ রাজশাহী।
দাপুটে সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু রাজশাহী অধিনায়কের সেঞ্চুরি ছাপিয়ে নয়ক বনে গেলেন বরিশালের তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। রেকর্ড সেঞ্চুরিতে দলকে জয় এনে দিলেন তিনি।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছে বরিশাল। ২২১ রানের লক্ষ্যটা মাত্র ২ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখেই টপকে গেছে দলটি।
আর এই অসাধ্য সাধন হয়েছে ইমনের রেকর্ড সেঞ্চুরিতে। ৪২ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছেন তিনি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এটিই দ্রুততম সেঞ্চুরি। আগের রেকর্ডটি ছিল ২০১৯ বিপিএলে তামিম ইকবালের গড়া ৫০ বলে সেঞ্চুরি। এদিন তামিমের নেতৃত্বে খেলেই ইমন সেটি ভেঙে দিলেন।
৯ চার ও ৭ ছক্কায় নিজের ইনিংস সাজান ইমন। এ ছাড়া তামিম ৩৭ বলে ৫৩ রান করেন। সাইফ হাসানের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৭ রান। আফিফ হোসেন অপরাজিত ছিলেন ১৬ বলে ২৬ রানে।
এর আগে ১১ ছক্কা ও ৪ চারে ১০৯ রানের ইনিংস খেলেন রাজশাহীর শান্ত। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে তিনি তামিম ইকবালের পাশে বসেছেন। শান্তর পাশাপাশি আরেক ওপেনার আনিসুল হক ইমন ৩৯ বলে করেন ৬৯ রান। তাতে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২২০ রানের পুঁজি গড়ে রাজশাহী।
দলটির এই রান উৎসবে বরিশাল বোলার কামরুল ইসলাম রাব্বি আবার হ্যাটট্রিকসহ নিয়েছেন ওভাবে ৪ উইকেট। ২০তম ওভারে এই ভেলকি দেখান রাব্বি।
সব মিলে রাজশাহী-বরিশাল ম্যাচটা হয়ে থাকল ঘটনাবহুল। অথচ মাঠে নামার আগে এই দল দুটিই ছিল টেবিলের নিচে। এখনো তাই। রাজশাহী ৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ। এক ম্যাচ কম খেলে সমান জয়ে সমান পয়েন্ট নিয়ে বরিশাল পঞ্চম। ম্যাচসেরা হয়েছেন পারভেজ হোসেন ইমন।