ক্ষতিকর উপাদান ব্যবহার

মৌলভীবাজারে পাঁচ বেকারিকে জরিমানা

মৌলভীবাজারে খাদ্যসামগ্রী প্রস্তুতকারী বিভিন্ন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, বাসি তেল ব্যবহার, ক্ষতিকর উপাদানের মিশ্রণে খাদ্য উৎপাদনে অনিয়ম ধরা পড়েছে।

গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মৌলভীবাজার শহরের বিভিন্ন বেকারিতে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এই অনিয়ম ধরা পড়ে।  এ সময় পাঁচটি বেকারিকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক আহমদ নোমান জাকিসহ র‌্যাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে শহরের জুগিডর এলাকার সম্রাট বেকারিকে ১ লাখ টাকা, বড়হাট এলাকায় ন্যাশনাল বেকারিকে ১ লাখ, পশ্চিমবাজার এলাকার আল মদিনা বেকারিকে ৫০ হাজার, শমশেরনগর রোডের আনন্দ বেকারিকে ১ লাখ ২০ হাজার টাকা এবং একই রোডের স্বাদ অ্যান্ড কোম্পানিকে ৩ লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়।