সিলেট ওসমানী মেডিকেল

চার দিন পর করোনা পরীক্ষার যন্ত্র সচল

চারদিন পর সচল হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার যন্ত্র (আরটিপিসিআর)।

গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, গত সোমবার সন্ধ্যায় মেশিনটি পুনরায় চালু করে তাতে নমুনা পরীক্ষা শুরু হয়। মেশিনটি সোমবার বিকেলে মেরামত সম্পন্ন হয়। তারপর সন্ধ্যায় কয়েকটি নমুনা পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার থেকে পুরোদমে পরীক্ষা শুরু হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, পিসিআর মেশিনের বিদ্যুৎ সরবরাহে সমস্যা হয়েছিল। সেখানে থাকা একটি সার্কিট নষ্ট হয়ে যায়। ঢাকা থেকে আসা টেকনিশিয়ানরা সেটি পুনঃস্থাপন করেছেন। এখন মেশিনটি পুরোপুরি সচল হয়েছে। গত শুক্রবার থেকে হাসপাতালটির পিসিআর মেশিন বিকল হওয়ায় সিলেটে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ব্যাহত হয়। এ কারণে মূলত বিপাকে পড়েন বিদেশগামী যাত্রীরা। সিলেটের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা আটকে যায়। তবে সাময়িক ব্যবস্থা হিসেবে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে চালু করা হয়।