ফেইসবুকে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গত সোমবার রাতে সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- শাহীন সরকার (৩৫) ও মিজানুর রহমান (৩৮)।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম বলেন, গ্রেপ্তাররা ফেইসবুকে চাকরির বিজ্ঞাপন প্রচার, বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরির প্রলোভনসহ বিভিন্ন সেবা দেওয়ার নামে নেটিজেনদের আকৃষ্ট করত। এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংশোধিত তালিকায় অন্তর্ভুক্তিসহ বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে লোক নেওয়া হবে বলে তাদের কাছে চিঠি দিত। এ ক্ষেত্রে খাওয়া ও পোশাক বাবদ, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ড ও সিকিউরিটি মানির কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত। এসব অভিযোগে শনিবার সবুজবাগ থানায় একটা মামলা হয়।

গ্রেপ্তারদের থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সিল, ভুয়া স্বাক্ষর, চাকরি দেওয়ার ভুয়া অনুমোদনপত্র, বীর মুক্তিযোদ্ধাদের নামসহ গেজেট, মোবাইল ফোন ও পাঁচটি সিম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অভিযোগ স্বীকার করেছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, সাত দিনের রিমান্ড চাইলে আদালতে তিন দিন করে মঞ্জুর করেছে।