আইপিও পদ্ধতি পরিবর্তনে মূল্যায়ন কমিটি

পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারী সব বিনিয়োগকারীর শেয়ার প্রাপ্তি নিশ্চিত করতে লটারি ও লটপ্রথা বিলুপ্ত করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আইপিও পদ্ধতিতে পরিবর্তন আনতে কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সাত সদস্যের মূল্যায়ন কমিটি করা হয়েছে। এসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) প্রতিনিধিদের সঙ্গে এসইসির এক বৈঠকে আইপিও মূল্যায়ন কমিটি গঠন করা হয়। এসইসির পরিচালক মো. মনসুর রহমানকে প্রধান করে এ কমিটি করা হয়েছে। কমিটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সিডিবিএল থেকে দুজন করে প্রতিনিধি রাখা হয়েছে। কমিটিকে খুব শিগগির প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওই প্রতিবেদন পাওয়ার পর তা কমিশন সভায় উপস্থাপন করা হবে।

কমিশন কমিটিকে কাজ করার জন্য একটি রোডম্যাপ তৈরি করে দিয়েছে। ইলেকট্রনিক সাবসক্রিপশন সিস্টেমসের হালনাগাদ, সবাইকে কীভাবে শেয়ার দেওয়া যায় সেই পদ্ধতি, আইপিও সময় কমানোর বিষয়, দুটি সম্মতিপত্রের পরিবর্তে কীভাবে একটির মাধ্যমে সমাধান করা যায়, একজন বিনিয়োগকারী কয়টি আবেদন করতে পারবেন, আইপিওতে আবেদন করতে হলে সেকেন্ডারি বাজারে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ইত্যাদিকে প্রাধান্য দিতে বলা হয়েছে।