বল পায়ে ম্যারাডোনার কারিকুরি পৃথিবীর সেরা দৃশ্য : কাফু

ডিয়েগো ম্যারাডোনা নিজেকে চিরকালীন ব্রাজিল-আর্জেন্টিনা রেষারেষিরও ঊর্ধ্বে তুলে নিয়েছিলেন। সেটি সম্ভব হয়েছিল তার অসাধারণ প্রতিভার গুণেই। তার খেলা দেখে মুগ্ধ বিপক্ষ দলের খেলোয়াড়রা অনেক সময় বলেছেন, তার অসাধারণ বল প্লে প্রতিপক্ষ হিসেবেও উপভোগ করতেন তারা। তাদেরই একজন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। ম্যারাডোনার বল নিয়ে কারিকুরি করছেন, এটা পৃথিবীর সেরা দৃশ্যই মনে হয়েছে তার কাছে।

কাফুর মতে, ম্যারাডোনা চলে যাওয়াতে ফুটবল যেন দারুণ এক জাদুকরকেই হারিয়ে ফেলল, ‘কোনো সন্দেহ নেই, ম্যারাডোনা সর্বকালের সেরাদের একজন। ফুটবলে সর্বকালের সেরা কেবল দুজন, একজন ডিয়েগিতো (ম্যারাডোনাকে কাফু এই নামেই ডাকতেন), আরেকজন পেলে।’

কাফু ম্যারাডোনার বল প্লে-কে একটু অন্যভাবে দেখেন, ‘ম্যারাডোনা যখন বল পায়ে নিতেন, তখন মনে হতো তিনি কোনো ছোট্ট শিশুকে আদর করছেন। যেন শিশুর মতোই আগলে রাখছেন। তিনি তো বল নিয়ে রীতিমতো মজা করতেন। ফুটবল তো অনেকেই খেলেন, কিন্তু বলের সঙ্গে মজা করতে পারেন কজন?’

কাফুর মতে, ম্যারাডোনার মৃত্যুতে ফুটবল যেন জাদুকরী ছোঁয়া হারিয়ে ফেলল ‘আমরা যারা ম্যারাডোনার ভক্ত, তাদের কাছে ম্যারাডোনাকে খেলতে দেখা ছিল অবিশ্বাস্য এক ব্যাপার। পৃথিবীর সেরা ব্যাপার। আমার একটা খেলার কথা মনে আছে। তিনি জুভেন্তাসের বিপক্ষে বক্সের মধ্য থেকে একটা সেট পিসে গোল করেছিলেন, যেন তিনি আদর করে বলটা গোলে পাঠিয়ে দিলেন। আমরা তার মৃত্যুতে শোকগ্রস্ত কেবল একজন ফুটবল তারকাকে হারিয়েছি বলে নয়, আমরা তার মৃত্যুতে হারিয়েছি একজন ফুটবল জাদুকর, একজন শিল্পীকে।’