কবি সাংবাদিক ও বিজ্ঞাপন নির্মাতা আদিত্য কবিরের মৃত্যু

অকালে চলে গেলেন তরুণ কবি, লেখক ও বিজ্ঞাপন নির্মাতা আদিত্য কবির (ইন্নালিল্লাহিৃৃৃৃ রাজিউন)। গতকাল বুধবার দিবাগত রাতে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যান তিনি। মাত্র ৪৮ বছর বয়সী আদিত্য বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান এশিয়াটিকে অ্যাসোসিয়েট ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। তিনি খ্যাতিমান কবি হুমায়ূন কবিরের ছেলে। আদিত্য আজকের কাগজ ও ভোরের কাগজে সাংবাদিকতাও করেছেন। গত ১৫ বছর ধরে বিজ্ঞাপন সংস্থায় কাজ করছিলেন তিনি।

আদিত্যের অকাল প্রয়াণে গণমাধ্যম ও বিনোদন জগতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু, স্বজন, সহকর্মীরা শোক প্রকাশ করেছেন। তুলে ধরেছেন আদিত্যর সঙ্গে তাদের নানা স্মৃতি। তারা বলেছেন, তার প্রজন্মের মেধাবীদের মধ্যে আদিত্য ছিলেন অন্যতম। বাউ-ুলে স্বভাবের আদিত্যকে বলা হতো ‘জীবন্ত অভিধান’। তিনি ভালো বাংলা ও ইংরেজি লিখতেন। কমিউনিকেশন স্কিল ছিল অসাধারণ।

আদিত্য একসময় সাংবাদিকতা করতেন। স্পোর্টস রিপোর্টিং করেছেন। ভোরের কাগজের মেলা পাতায় ও সাপ্তাহিক ম্যাগাজিন অবসরে লিখেছেন। জনপ্রিয় বিনোদন পাক্ষিক আনন্দভুবনের সহকারী সম্পাদক ছিলেন। ভালো গল্প লিখতেন। এরপর চলে যান বিজ্ঞাপন জগতে।

আদিত্যর ডাক নাম ছিল সেতু। ছোট ভাই অভীক, বোন খেয়া ও অপর্ণা। মা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের হাউজ টিউটর। বাবা কবি হুমায়ুন কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে কাজ শুরু করেছিলেন। কিন্তু ১৯৭২ সালে খুব কম বয়সে তিনি আততায়ীর গুলিতে নিহত হন।