আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার মালালা মাইওয়ান্দ নামের ওই সাংবাদিক জালালাবাদের কর্মস্থলে যাওয়ার পথে বন্দুকধারীরা তার গাড়িতে হামলা চালায়। এতে তার গাড়ির চালক মোহাম্মদ তাহিরও নিহত হন বলে খবর দিয়েছে বিবিসি।
মালালা আফগানিস্তানের এনিকাস টিভি অ্যান্ড রেডিওতে কাজ করতেন। হামলার পরপরই বন্দুকধারীরা পালিয়ে যায়।
ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন আফগানিস্তানে সম্প্রতি বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে হত্যার নিন্দা জানায়। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
মালালা সাংবাদিকতার পাশাপাশি সমাজকর্মী হিসেবে কাজ করতেন। দেশটির নারী সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে সরব ছিলেন তিনি। পাঁচ বছর আগে তার সমাজকর্মী মাকেও হত্যা করেছিল দুর্বৃত্তরা। আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে হত্যার ঘটনা ঘটছে। গত মাসে টেলিভিশন উপস্থাপক ইয়ামা সাইওয়াশকে কাবুলে বোমা মেরে হত্যা করা হয়। সাবা সাহার নামে আফগানিস্তানের প্রথম নারী চলচ্চিত্র পরিচালকের ওপর গুলি চালানো হয়। তবে তিনি প্রাণে বেঁচে যান।