‘ইন্ডিয়ানা জোনস’ সিক্যুয়াল নিয়ে নতুন পরিকল্পনা

অনেক গুঞ্জনের পর জানা গেল, সত্যি সত্যিই হচ্ছে অতি প্রতীক্ষিত ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের পঞ্চম কিস্তি। ডিজনি ইনভেস্টর ডে উপলক্ষে এক প্রেজেন্টেশনে ঘোষণাটি আসে।

সেখানে জানানো হয়, ২০২২ সালের জুলাইয়ে মুক্তি পাবে হ্যারিসন ফোর্ড অভিনীত এ ছবি।

গত ফেব্রুয়ারিতে আগের চার কিস্তির পরিচালক স্টিভেন স্পিলবার্গ জানান, পরিচালকের আসনে আর থাকছেন না। তবে প্রযোজক হিসেবে থাকছেন। এর পর ‘ফোর্ড ভার্সেস ফেরারি’-খ্যাত অস্কার-জয়ী পরিচালক জেমস ম্যানগোল্ডের সঙ্গে সমঝোতা হয়।

সেই ২০১৬ সাল থেকে ‘ইন্ডিয়ানা জোনস’ নিয়ে কাজ করছেন স্পিলবার্গ। ঘোষণা দেন ছবিটি মুক্তি পাবে ২০১৯ সালের ১৯ জুলাই। কিন্তু চিত্রনাট্যের জটিলতায় বারবার থমকে যায় কাজ।

১৯৮১ সালের ‘রেইডার্স অব দ্য লস্ট আর্ক’ ছবির মাধ্যমে প্রত্মতাত্ত্বিক ও অভিযাত্রী চরিত্র ইন্ডিয়ানা জোনসের অভিষেক হয় হলিউডে। ছবিটি এএফআই-এর সর্বকালের সেরা ১০০ আমেরিকান সিনেমার অন্যতম। পরে ১৯৮৪ সালে মুক্তি পায় ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’ ও ১৯৮৯ সালে ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’।

সর্বশেষ ছবি ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’ পর্দায় আসে ২০০৮ সালে। এই চারটি ছবি সারা বিশ্বে আয় করেছে ২০০ কোটি ডলারেরও বেশি।