বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এফসি ইউনাইটেড ফেনী।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে (পল্টন মাঠ) প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। শিরোপার লড়াইয়ে এফসি ইউনাইটেড ফেনী ২-০ ব্যবধানে ওয়ারিয় স্পোর্টস একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিজয়ী দলের পক্ষে গোল দুটি করেন মাজহারুল ইসলাম রুহেল এবং তানভির হোসেন রাহুল।
বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) প্রতিযোগিতাটি আয়োজন করে।
ফাইনালের ম্যাচ সেরা ও টুর্নামেন্টের সেরা হয়েছেন এফসি ইউনাইটেড ফেনী দলের তানভির হোসেন রাহুল।
যৌথভাবে তিনজন টুর্নামেন্টের তিনটি করে গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তারা হলেন- ওমর ফারুক জাহিদ, তুহিন দালাল এবং আশরাফুল।
ফাইনাল শেষে উভয় দলের হাতে ট্রফি, মেডেল এবং চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা ও রানার্সআপ দলকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আসাদ্দুজ্জামান কোহিনুর।
বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সভাপতি কাজী শহীদুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন যুবায়েরের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য বিজন বড়ুয়া এবং রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহম্মেদ আসিফুল হাসান এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান।