নিউজিল্যান্ডে কোরআন প্রদর্শনী

ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে কোরআন প্রদর্শনীর আয়োজন করেছেন নিউজিল্যান্ডের এক ইমাম। কয়েকটি শহর ঘুরে নেলসন শহরে এসে প্রদর্শনীটি শেষ হচ্ছে আজ। অমুসলিমদের ইসলামবিষয়ক বিভিন্ন সংশয় দূর করতে এই আয়োজন ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজক ইমাম মুসতেনসার কামার।

পবিত্র কোরআনের মাওরি অনুবাদ প্রদর্শনের পাশাপাশি আয়োজনে আরও রয়েছে সেমিনার পর্ব। কামার বলেন, ‘ইসলাম সম্পর্কে অনেক ভুল তথ্য প্রচলিত রয়েছে। এসব দূর করতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি।’

বোঝাপড়ার মাধ্যমেই মানুষকে ইসলামের কাছে টানতে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন রাখা হয়। এ প্রসঙ্গে কামার বলেন, ‘মাঝেমধ্যে আমাদের অনুষ্ঠানে চরম ইসলামবিদ্বেষী লোকজনও আসে। তারা আমাদের সঙ্গে অসংযত আচরণ করে। তবে অধিকাংশ মানুষই সত্য জানতে আগ্রহী। ইসলামকে ভালোভাবে জানার জন্য অনেকেই আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সব কার্যক্রম উন্মুক্ত। আমরা মনে করি, মানুষের কাছে সঠিক বার্তা না পৌঁছলে এবং তাদের প্রশ্ন করার অধিকার না থাকলে এটি বরং চরমপন্থাকেই উসকে দেবে।’

উল্লেখ্য, উনিশ শতকে নিউজিল্যান্ডে মুসলমানদের আগমন ঘটে। দেশটির মোট জনসংখ্যার ১ দশমিক ১ শতাংশ মুসলমান। ২০১৩ সালের আদমশুমারি মতে, মুসলমানের সংখ্যা ৪৬ হাজার ১৪৯ জন। বর্তমানে এখানে বেশকিছু মসজিদ এবং দুটি ইসলামিক স্কুল রয়েছে।a