চট্টগ্রাম জেলায় সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নয়টি ল্যাবে নমুনা পরীক্ষা করে ১৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৭ হাজার ৪১২।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার চট্টগ্রামের নয়টি ল্যাবে ১ হাজার ৫৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ১৬১ জন ও উপজেলার ১৮ জনের করোনা শনাক্ত হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছে দুজন। এ নিয়ে করোনায় চট্টগ্রামে মারা গেছে মোট ৩২৯ জন।
সিভিল সার্জন আরও বলেন, শীতের প্রকোপ বাড়ছে, এখন করোনা সংক্রমণের ঝুঁকি বেশি। তাই সবার স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত এবং মাস্ক ব্যবহারের পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলা প্রয়োজন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে নগরীর ২০ হাজার ৯৩৯ জন এবং উপজেলার ৬ হাজার ৪৭৩ জন। যাদের মধ্যে হাসপাতাল ও হোম কোয়ারেন্টাইন থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ২৫ হাজার ৬৭০ জন।