শত শত মানুষ। কারও হাতে পলো কারও হাতে স্থানীয় ছোট জাল, আবার দলীয়ভাবে অনেকেই ছুটছেন টানা জাল নিয়ে সবার গন্তব্য মনু নদে ‘হাট উৎসবে’। স্থানীয়ভাবে মাছ ধরা উৎসবকে ‘হাট উৎসব’ বলা হয়।
মৌলভীবাজারের মনু নদে তিন দিনব্যাপী মাছ ধরা (হাট উৎসব) উৎসব শুরু হয়েছে স্থানীয় উদ্যোগে।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় মনু নদীতে শনিবার সকাল থেকে মাছ ধরা শুরু হওয়া এই উৎসব চলবে সোমবার পর্যন্ত। নদীর বিভিন্ন স্থানে তিন দিনব্যাপী এ হাট উৎসব অনুষ্ঠিত হবে।
হাজারো শৌখিন ও পেশাদার শিকারি একসঙ্গে আনন্দ করে পলো, কুঁচা, ঝাঁকি জাল, প্লেন জাল, টানা জাল নিয়ে নদীতে মাছ শিকারে নামেন।
শনিবার সকালে প্রথম দিন মনু-কটারকোনা রেল সেতুর পূর্ব স্থান থেকে সকাল ১০ ঘটিকায় শুরু হওয়া এই উৎসবে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয়দের জালে ধরা পড়েছে বিভিন্ন ধরনের মাছ।
আইর, বোয়াল, রুই, কার্প, বাছাসহ নানা জাতের মাছ। শিকারিরা নিজের চাহিদা শেষে উদ্বৃত্ত মাছ সেখানে বিক্রি করে থাকেন।
দ্বিতীয় দিন রবিবার সুজাপুর ছৈদল বাজার ডহরে মাছ ধরা হবে। তৃতীয় দিন সোমবার হাজীপুর শরীফপুর পৃথিমপাশা সীমানার ধলিয়া বেলেরতল ডহরে মাছ ধরা হবে এবং ওই দিন উৎসবটি শেষ হওয়ার কথা রয়েছে।
প্রতি বছর কুলাউড়ায় মনু নদে এ উৎসব পালন করা হয়। নদীপাড় ও আশপাশের হাজারো উৎসুক জনতা মাছ শিকার দেখতে উপস্থিত হন।
অনেকেই মাছ শিকার দেখার পাশাপাশি মাছ কেনার জন্যও সেখানে উপস্থিত হন। নদীর মাছ সুস্বাদু ও সতেজ থাকায় মানুষের আকর্ষণ বেশি থাকে, বিভিন্ন প্রজাতির সতেজ মাছ একসঙ্গে পেয়ে ক্রেতারা খুশি হন এবং বিক্রেতারাও ভালো দামে বিক্রি করে লাভবান হন।