আনোয়ারায় জিনিয়াস শিশু উৎসব

জিনিয়াসদের হাত ধরেই গড়ে উঠবে আলোকিত বাংলাদেশ

আপডেট : ২৮ জুন ২০২৬, ১২:৪১ পিএম

জিনিয়াসদের হাত ধরেই সমৃদ্ধ ও আলোকিত বাংলাদেশ গড়ে উঠবে উল্লেখ করে আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমীন বলেছেন, ‘আজকের জিনিয়াসরাই একদিন দেশের নেতৃত্ব দেবে। তাদের সঠিক পরিচর্যার মাধ্যমে মেধা ও মননে যোগ্য করে গড়ে তুলতে হবে। একদিন এই জিনিয়াসরাই বিশ্বের দরবারে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাবে। সুতরাং আগামী প্রজন্মের মেধাবিকাশে জিনিয়াসের সময়োপযোগী উদ্যোগ প্রশংসার দাবিদার।’

শনিবার (২৮ জুন) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর রুহুল আমীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই সময়ের মূল্য দাও, মনোযোগ দিয়ে পড়াশোনা কর, সততা ও শৃঙ্খলাকে জীবনের সঙ্গী বানাও। প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে আরও ভালো করার চেষ্টা কর। বিশ্বাস রাখ, পরিশ্রম কখনও বিফলে যায় না। সফলতা একদিন অবশ্যই তোমাদের দরজায় কড়া নাড়বে।’

জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে এবং সুশান্ত কুমার শীল ও বিলকিছ আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়লা-সোবহান ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, আনোয়ারা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক ডিআইএম জাহাঙ্গীর আলম এবং সাংবাদিক মো. মোজাম্মেল হক।

অনুষ্ঠানে আনোয়ারা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে ল্যাপটপ, নগদ অর্থ, ক্রেস্ট, সনদ, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত