কুষ্টিয়ার মিরপুরে করোনা ভাইরাস সংক্রমণে সরকারি নির্দেশ অমান্য করে বিদ্যালয়ে ক্লাস নেওয়ার দায়ে পাঁচ শিক্ষককে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল উপজেলার নিমতলা এলাকার “নিমতলা দারুস সালাম অনলাইন মডেল স্কুল” এ অভিযান চালায়।
অর্থদণ্ডপ্রাপ্তরা শিক্ষকেরা হলেন- মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে শুভ (২০), সোহাগ আলী (১৭), সদরপুর ইউনিয়নের সদরপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফিরোজ মাহমুদ (৩০) ও ফরিদুজ্জামান (২০) এবং আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামের চাঁদ আলীর ছেলে রশিদ আহম্মেদ (২১)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, শনিবার দুপুরে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা অমান্য করে উক্ত বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করানো হয় বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় বিদ্যালয়ে গিয়ে তার সত্যতা পাওয়া গেলে বিদ্যালয়ের ৫জন শিক্ষকদের আটক করা হলে তারা সরকারি নির্দেশনা অমান্যের বিষয়টি স্বীকার করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভিডিও বক্তব্যের মাধ্যমে কটূক্তি করে নিমতলা দারুস সালাম অনলাইন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম। এ ঘটনায় মিরপুর থানা-পুলিশের দায়ের করা মামলায় পরদিন ২০ নভেম্বর তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ছাড়া ২৫ নভেম্বর সকালে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত (মিরপুর) এ হক্কানি দরবারের পরিচালক খালিদ হোসাইন সিপাহি বাদী হয়ে আরও একটি মামলা করেন আমিরুল ইসলামের বিরুদ্ধে।