খেলনা কিনে দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ

যশোরের ঝিকরগাছায় খেলনা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নাভারন রামচন্দ্রপুর এলাকার ওই ঘটনায় গত শুক্রবার নুর মোহাম্মদ (৫৪) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

অভিযুক্ত নুর মোহাম্মদ ওই এলাকার নবিছ উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে সে।

মামলার এজাহারে বলা হয়, শুক্রবার বিকেলে শিশুটি তার বাড়ির পাশে খেলছিল। ওই সময় খেলনা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে পাশের একটি কলাবাগানে নিয়ে তাকে ধর্ষণ করে প্রতিবেশী নুর মোহাম্মদ। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় সে।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযুক্ত নুর মোহাম্মদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।