ঘন কুয়াশার কারণে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটটি সিলেটে অবতরণ করেছে।
শনিবার সকাল ৮টার দিকে দুই শতাধিক যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা ফ্লাইটটির চট্টগ্রামে অবতরণ করার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে এটি অবতরণ করতে না পারায় অপেক্ষমাণ তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয়। পরে বিমানটি সিলেটে অবতরণের খবরে স্বস্তি নেমে আসে স্বজনদের।
বিমান বন্দর সূত্রে জানা গেছে, কুয়াশা কেটে যাওয়ার পর বেলা সোয়া ১১টায় দুবাইয়ের ফ্লাইটটি সিলেট থেকে চট্টগ্রাম আসে।
এছাড়া ইউএস-বাংলা, রিজেন্ট এয়ারওয়েজ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট প্রায় দুই ঘণ্টা দেরিতে চট্টগ্রামে পৌঁছেছে।
শনিবার সকাল ১০টা ৪২ মিনিটের দিকে কুয়াশা কেটে যাওয়ার পর প্রথম অবতরণ করে ঢাকা থেকে আসা বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট। এরপর পর্যায়ক্রমে অভ্যন্তরীণ ফ্লাইট আসতে থাকে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার সারোয়ার ই আলম বলেন, কুয়াশার কারণে ইউএস-বাংলা, রিজেন্ট এয়ারওয়েজ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট প্রায় দুই ঘণ্টা দেরিতে চট্টগ্রামে পৌঁছেছে। তবে এখন নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে।
সূত্র: ইউএনবি।