মনু নদে তিন দিনের মাছ ধরা উৎসব শুরু

শত শত মানুষ। কারও হাতে পলো, কারও হাতে স্থানীয় ছোট জাল, আবার দলীয়ভাবে অনেকেই ছুটছেন টানা জাল নিয়ে। সবার গন্তব্য মনু নদে ‘হাট উৎসবে’। স্থানীয়ভাবে মাছ ধরা উৎসবকে ‘হাট উৎসব’ বলা হয়।

মৌলভাবাজারের মনু নদে তিন দিনব্যাপী মাছ ধরা উৎসব শুরু হয়েছে স্থানীয় উদ্যোগে।

জেলার কুলাউড়া উপজেলায় মনু নদে গতকাল শনিবার সকালে শুরু হওয়া এই উৎসব চলবে সোমবার পর্যন্ত। স্থানীয়দের সিদ্ধান্তে নদের বিভিন্ন স্থানে তিন দিনব্যাপী এ হাট উৎসব হবে।

গতকাল সকালে ১ম দিন মনু-কটারকোনা রেল সেতুর পূর্বস্থান থেকে সকাল ১০টায় শুরু হওয়া এই উৎসবে সরেজমিনে দেখা যায়, হাজারো শৌখিন ও পেশাদার শিকারি একসঙ্গে আনন্দ করে পলো, কুচা, ঝাঁকি জাল, সাধারণ জাল, টানা জাল নিয়ে নদীতে মাছ শিকারে নেমেছেন। স্থানীয়দের জালে বিভিন্ন ধরনের মাছ ধরা পড়েছে। আইড়, বোয়াল, রুই, কার্প, বাছাসহ নানা জাতের মাছ। শিকারিরা নিজেদের চাহিদা শেষে উদ্বৃত্ত মাছ সেখানে বিক্রি করে দিচ্ছেন।