আনোয়ারায় লোকালয়ে হাতির তান্ডব

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে আবারও তান্ডব চালিয়েছে বন্যহাতি। গত শুক্রবার রাতে হাতির পাল তান্ডব চালিয়ে নষ্ট করেছে ফসলি জমি, ভেঙে দিয়েছে দুটি বসতঘর।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের কেইপিজেড পাহাড় থেকে তিনটি হাতি নেমে আবদুর রাজ্জাক, আবদুল মোনাফ ও মো. ইদ্রিচ নামে তিন কৃষকের প্রায় দুই একর ফসলি ক্ষেত নষ্ট করে দিয়েছে এবং জাগির হোসেন ও রেহানা বেগম নামে দুজনের বসতঘর গুঁড়িয়ে দিয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক জাগির হোসেনের স্ত্রী বলেন, দুই বছরের মধ্যে হাতি আমাদের বসতঘর তিনবার ভেঙেছে। হাতির ভয়ে আমাদের রাত কাটে নির্ঘুম।

কৃষক আবদুর রাজ্জাক জানান, দুই বছর ধরে ফসল ঘরে তুলতে পারছি না। ফসল যখন একটু বড় হয়, হাতি এসে সব লন্ডভন্ড করে দিয়ে যায়। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম ইয়াসিন নেওয়াজ বলেন, আমরা উদ্যোগী হচ্ছি কীভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়। ইতিমধ্যে সেখানে পাহারাদল গঠন করা হয়েছে।