খুলনায় বাসের ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়ের

খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত অটোভ্যান আরোহী দুই ভাই নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার চুকনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো স্থানীয় রোস্তমপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাকিবুল (৫) ও সাব্বির হোসেন (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে সাতক্ষীরা থেকে যশোর অভিমুখে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস চুকনগর বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনচালিত একটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানে থাকা রাকিবুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর সাব্বির হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। খর্নিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. রেজাউল করিম জানান, দুর্ঘটনায় দায়ী বাসটি জব্দ করা গেলেও চালক-হেলপার পালিয়ে গেছে।