কৃষক আন্দোলনে সংহতি জানিয়ে এ বছরের জন্মদিন পালন না করার ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং।
শনিবার ৩৯ বছরে পা দিয়েছেন যুবরাজ। টুইটারে জানিয়েছেন, এ বছর জন্মদিন পালন না করে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে সরকারের আলোচনায় যাতে সমাধানসূ্ত্র বেরিয়ে আসে, সেই প্রার্থনা করছেন তিনি।
যুবরাজ লিখেছেন, ‘এ বছর আমি জন্মদিন উদ্যাপনের পরিবর্তে সরকার এবং কৃষকদের মধ্যে আলোচনার দ্রুত মীমাংসার জন্য প্রার্থনা করছি। আমাদের কৃষকেরা দেশের জীবনরেখা। আমি মনে করি এমন কোনো সমস্যা নেই যার সমাধান আলোচনার মাধ্যমে করা যায় না।’
কৃষক আন্দোলন নিয়ে বাবা যোগরাজ সিংয়ের মন্তব্যেরও সমালোচনা করেছেন যুবরাজ। কৃষকদের সমর্থন করতে গিয়ে সরকারের বিরুদ্ধে কিছুটা হলেও সুর চড়িয়েছিলেন যোগরাজ। যে ক্রীড়াবিদরা কৃষকদের সমর্থনে নিজেদের সরকারি পুরস্কার বা সম্মান ফেরাচ্ছিলেন, তাদেরকেও সমর্থন জানিয়েছিলেন তিনি।
যুবরাজ অবশ্য টুইটারে লিখেছেন, ‘আমি এই মহান দেশের সন্তান এবং আমার কাছে সেটাই সব থেকে বেশি গর্বের বিষয়। আমার বাবা যে মন্তব্য করেছেন সেটা একান্তই তার ব্যক্তিগত মত। আমি তার এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি না।’