ফেডারেশন কাপ: একই গ্রুপে আবাহনী-মোহামেডান

২২ ডিসেম্বর শুরু হতে যাওয়া ফেডারেশন কাপ ফুটবলে একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ ছাড়া গতবারে দুই ফাইনালিস্ট বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিও খেলবে এক গ্রুপে।

এই আসর দিয়েই ২০২০-২১ ফুটবল মৌসুম মাঠে গড়াবে। তার আগে রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়।

আসরের সবচেয়ে সফল দল আবহনী ও মোহামেডান খেলবে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

মৌসুম শুরুর এই টুর্নামেন্টে খেলবে প্রিমিয়ার লিগের ১৩ দল। চার গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বে খেলবে তারা। তিনটি গ্রুপে দলের সংখ্যা তিনটি করে। একমাত্র ‘বি’ গ্রুপে দলের সংখ্যা চার।

যেখানে সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গী ২০১৬ সালের রানার্সআপ আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা।

‘এ’ গ্রুপে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। ২০১২ সালে সর্বশেষ এই প্রতিযোগিতায় শিরোপার স্বাদ পেয়েছিল শেখ রাসেল। আর শেখ জামাল তিনটি ফেডারেশন কাপের সর্বশেষটি জিতেছিল ২০১৫ সালে।

‘সি’ গ্রুপে রয়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

১১টি শিরোপা নিয়ে ফেডারেশন কাপের রেকর্ড শিরোপাধারী আবাহনী ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত টানা জয়ের পর গত আসরে বসুন্ধরা কিংসের কাছে মুকুট হারায়। ১০টি শিরোপার সর্বশেষটি মোহামেডান জিতেছিল ২০০৯ সাল।

গ্রুপ ‘এ’

শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব

গ্রুপ ‘বি’

সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন এবং উত্তর বারিধারা

গ্রুপ ‘সি’

বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি

গ্রুপ ‘ডি’

আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।