ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ ওয়ার্ডে ‘মিনি ফায়ার স্টেশন’র উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
সচিবালয়ে রোববার ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রাপ পিটারসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ডেনমার্ক ঢাকায় প্রতিটি ওয়ার্ডে একটি করে মিনি ফায়ার স্টেশন স্থাপনের আগ্রহ দেখিয়েছে।
তিনি বলেন, তাদের মিনি ফায়ার স্টেশন আছে। এটার মূল্য, উপযোগিতা, যাওয়া-আসার জন্য যে সমস্ত সুবিধা তা বিবেচনা করে তারা অফার করেছে যে সেগুলো যদি আমাদের প্রতিটি ওয়ার্ডে স্থাপন করতে পারি তাহলে মোটরসাইকেলে করেও কোথাও কোথাও গিয়ে অগ্নিনির্বাপণ সম্ভব। এ জন্য একটি সমঝোতা স্মারকও সই হয়েছে।
মন্ত্রী বলেন, সমঝোতা অনুযায়ী তারা (ডেনমার্ক) বিনামূল্যে প্রশিক্ষণ দেবে। আর যে মিনি ফায়ার স্টেশন স্থাপিত হবে সেজন্য তারা ৮৫ শতাংশ ঋণ দেবে।
সময়সীমা নির্ধারণ না হলেও শিগগিরই এগুলো স্থাপন বাস্তবায়ন হবে।
প্রশ্নে তাজুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখন অবকাঠামো নির্মাণের অনুমোদন দেবে তখনই এসব স্থাপন করা হবে। সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ডেনমার্কের বিনিয়োগ ছিল। পদ্মা যশোলদিয়া পানি উৎপাদন কেন্দ্র থেকে পানি বিতরণের ক্ষেত্রে তারা আগ্রহ প্রকাশ করেছে, সেটা প্রক্রিয়ায় আছে। তারা আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে গ্রিন এনার্জি এবং ওয়েস্ট এনার্জি খাতে বিনিয়োগের। আমরা তাদের অভিনন্দন জানিয়েছি, সুনির্দিষ্টভাবে অফার দিলে আমরা কাজ করব।
মন্ত্রী জানান, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে উত্তর সিটির জন্য অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি এবং গাজীপুরের জন্য বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রামও এগিয়ে এসেছে।